সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
কক্সবাজারের তিন উপজেলা রামু, ঈদগাঁও এবং চকরিয়ায় এনসিপি পূর্ব নির্ধারিত পথসভা ভণ্ডুল করে দিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পথসভার জন্য সকল আয়োজন সম্পন্ন করেও বিএনপি ও স্থানীয় সাধারণ জনতার বাধার মুখে নতুন দলটি কর্মসূচি পালন না করেই পুলিশ ও সেনা পাহারায় কক্সবাজার ত্যাগ করেন।
জানা গেছে, জেলা শহরে আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের জেরে এ ঘটনা ঘটেছে। এছাড়া ওই বক্তব্যের জেরে জেলা জুড়ে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। পাশাপাশি চকরিয়ায় নির্মিত পথসভা মঞ্চ ভেঙ্গে দেয় উত্তেজিত জনতা।
শনিবার (১৯ জুলাই) বিকাল সোয়া ৪টায় চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেছেন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় ইতিমধ্যে কক্সবাজার জেলার সীমানা পার করেছে। চকরিয়া বিএনপির বিক্ষোভ মিছিল চলছে। চকরিয়ার পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে কক্সবাজার জেলা শহরের শহীদ দৌলত ময়দানে আয়োজিত জনসভায় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিলেন শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার সে নাকি সংস্কার বোঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বোঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে তার এই বক্তব্য অবমাননাকর উল্লেখ করে বিএনপির নেতাকর্মীরা বলেন, শনিবার দুপুরে সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী। এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়াসহ কক্সবাজার জেলায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং শ্রমিক দল রাজপথে নেমে প্রতিবাদ করে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে ট্রাকে মঞ্চ তৈরি করে মাইকিং হচ্ছিল। হঠাৎ পৌনে ৪টার দিকে কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করে। এনসিপির মাইকিং করা লোকজনদের তাড়িয়ে দেয়।
এনসিপির নেতাকর্মীরা বলেন, বিকেলে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো মঞ্চটি ভেঙে ফেলে। এ সময় সমাবেশের ব্যানার ছেঁড়া হয় এবং ট্রাকের কাচ ভাঙচুর করা হয়। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পোঁছে হামলাকারীদের ধাওয়া দেয়।
এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার বলেন, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছে। ব্যানার ছিঁড়েছে ও ট্রাকের কাচ ভাঙচুর করেছে। পরে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল দখল করে স্লোগান দিয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, সালাহউদ্দিন আহমদ জাতীয় নেতা, কক্সবাজারের প্রাণ। একজন জাতীয় নেতাকে নিয়ে কথা বলার শিষ্ঠাচার জানে না এনসিপি। আমি তাদের এমন মিথ্যাচারের নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। কক্সবাজারের প্রাণকে নিয়ে এমন অবমাননাকর কথা বলায় জেলাবাসী এনসিপি বয়কট করেছে।
কেন্দ্রীয় কমিটির মৎস্যজীব বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, এনসিপি নেতার বক্তব্য শিষ্টাচারবর্হিভূত। তারা ঘোলা পানিতে মাছ শিকারের অপপ্রয়াসে এমন বক্তব্য দিয়েছে বলে আমি ধারণা করছি।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি