কুলাউড়ায় ৫০০ টাকা মজুরিসহ ১০ দফা দাবি চা-শ্রমিকদের

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৬

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরিসহ ১০ দফা দাবি চা-শ্রমিকদের

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মূল্যবৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকরা।

 

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার কালিটি চা-বাগানে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকরা এক ঘণ্টার কর্মবিরতিও পালন করেন।

 

Manual2 Ad Code

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিকসহ অনেকে।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ ও অমানবিক। প্রতি বছর মাত্র ৮ টাকা করে মজুরি বৃদ্ধি শ্রমিকদের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়। বর্তমান ১৮৭ টাকা দৈনিক মজুরিতে জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সম্মানজনক জীবনের জন্য ন্যায্য মজুরি এখন প্রতিটি চা-শ্রমিকের প্রাণের দাবি।

 

বক্তারা আরও বলেন, এ ভূখণ্ডে প্রায় ২০০ বছর ধরে বসবাস করলেও চা-শ্রমিকরা এখনও ভূমিহীন। ভূমির মালিকানা না থাকায় তারা নাগরিক নানা সুযোগ-সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে চা-শ্রমিকদের জন্য ভূমির মালিকানা নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।

Manual2 Ad Code

 

সমাবেশে প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। স্বাধীন দেশের নাগরিক হয়েও তারা মৌলিক নাগরিক অধিকার থেকে আজও বঞ্চিত। চা-শ্রমিকরা আধুনিক দাসত্বের জীবনযাপন করছেন। দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী চা-শ্রমিকরা সবচেয়ে কম মজুরিতে কাজ করেন। দৈনিক ৫০০ টাকা মজুরির জন্য চা-শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। লড়াইয়ের মাধ্যমেই নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ে বাগানে বাগানে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে।

 

Manual7 Ad Code

সমাবেশ শেষে চা শ্রমিকরা একটি মিছিল বের করে বাগানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code