সিলেট ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
খেলা ডেস্ক:
একই ভারত, কিন্তু ভিন্ন সিদ্ধান্ত! নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে একই সময়ে অন্য এক ক্রীড়া ডিসিপ্লিনে ভিন্ন সিদ্ধান্ত দেখা গেল। জাতীয় ক্রিকেট দলের ভারত সফর বাতিল থাকলেও দিল্লিতে অনুষ্ঠিতব্য এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের শুটিং দলকে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলের ভারত সফরের জন্য সরকারি আদেশ জারি করেছে। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। সরকারের মূল্যায়নে, প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই।
এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বাংলাদেশ দলের সদস্য সংখ্যা খুবই সীমিত। একজন খেলোয়াড় ও একজন কোচ নিয়েই দল যাচ্ছে। স্থানীয় আয়োজকদের পক্ষ থেকেও নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া গেছে। ইনডোর ও সংরক্ষিত স্থানে প্রতিযোগিতা হওয়ায় ঝুঁকি কম বলেই সরকারের ধারণা।
এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তার খেলা অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। তার সঙ্গে কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার। নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্টের কারণে রবিউল ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন, তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। ৩১ জানুয়ারি তাঁদের দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। প্যারিস অলিম্পিক ২০২৪-এর পর এটিই শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।
শুটিং খেলায় অস্ত্র ও গুলি বহনের বিষয় থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব জানিয়েছেন, সফরের জন্য প্রয়োজনীয় সরকারি আদেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে দল পাঠানো হয়নি। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া, ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির অনড় অবস্থান এবং রাজনৈতিক-কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারত সফরের অনুমতি দেয়নি। এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নিতে পারেনি বাংলাদেশ দল।
ক্রিকেট দল না যাওয়ায় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কয়েক দিনের অপেক্ষা শেষে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারতে যাওয়ার অনুমতি দেয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা এ সংক্রান্ত আদেশ জারি করেন, যা ভারতে বাংলাদেশ হাইকমিশন ও ঢাকায় ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
ক্রিকেট ও শুটিংয়ের নিরাপত্তা পরিস্থিতি এক নয় বলে ব্যাখ্যা দিয়েছে সরকার। যুব ও ক্রীড়া সচিব জানিয়েছেন, ক্রিকেটে বড় দল, উন্মুক্ত ভেন্যু ও জনসমাগম থাকায় ঝুঁকি বেশি ছিল এবং আইসিসির পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যায়নি। বিপরীতে শুটিং রেঞ্জ সংরক্ষিত এলাকা, জনসম্পৃক্ততা কম এবং আয়োজকেরা সরাসরি নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি