সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় চার সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেল ৫টা থেকে শুরু হয়ে জিজ্ঞাসাবাদ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।
তনু হত্যা মামলা তদন্ত সহায়ক দলের প্রধান সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ পিপিএম সেনা সদস্যদের জিজ্ঞাসা করেন। তার সঙ্গে ছিলেন, কুমিল্লা ও নোয়াখালী বিভাগের সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, সিআইডি ঢাকার সিনিয়র এএসপি এহসান উদ্দিনসহ আরো একাধিক কর্মকর্তা।
এর আগে, তনুর পরিবারের সদস্য এবং এক সেনাকর্মকর্তার ছেলেকে জিজ্ঞাসাবাদ শেষে প্রথমবার সিআইডি তদন্ত সহায়ক দল ঢাকায় ফিরে যায়। সিআইডির উচ্চ পর্যায়ের তদন্ত সহায়ক দলটি বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয়বারের মতো কুমিল্লায় পৌঁছান। এ ব্যাপারে সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তনুর লাশ পাওয়ার সময় পর্যন্ত ওই সড়কে কারা কখন কীভাবে দায়িত্বে ছিলেন সে বিষয়টি সম্পর্কে ধারণা নিতে এবং তারা কীভাবে দায়িত্ব পালন করেছেন এ বিষয়ে জানার চেষ্টা করা হয়েছে। আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর লাশ পাওয়া যায়। তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন তনুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ৩১ মার্চ সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি তারাই তদন্ত করছে।
প্রাথমিকভাবে পুলিশ ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অনুমান করলেও তনুর প্রথম ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু না বলায় প্রতিবেদন নিয়েও সমালোচনা হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ তুলে নমুনা নেয়া হয়েছে। এখন অপেক্ষা সেই তদন্ত প্রতিবেদনের।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি