সিলেট ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫
নিহত অহনা, শুভ ও শ্রাবন।
নবীগঞ্জ প্রতিনিধি :
বিয়ে বাড়িতে তিন শিশুর মৃত্যু নিয়ে চলছে শোকের মাত্তম। বোনের বিয়ের সাইত খাইতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক সলিল সমাধি হয়েছে। ‘আমার ঘর খালি করে চলে গেছে সোনার ছেলেরা, তারারে তোমরা আইন্না দেও’ কথগুলো বলতে বলতে হবিগঞ্জের নবীগঞ্জ হাসপাতালের মাটিতে বিলাপ করছিলেন জগাই সরকার।
মৃতরা হল- পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। নিহতরা সবাই চাচাতো ও ফুফাতো ভাই-বোন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিবার সুত্রে জানা যায়, বুধবার দুপুরে জগাই সরকারের বাড়িতে তার মেয়ে অর্ন সরকারে বিয়ে কথা বার্তা চলছিল। এ সময় বাড়ির আঙ্গিনায় শিশুরা তিনজনে মিলে খেলা করছিল, এসময় পরিবারে সবার চোখের আড়ালে শিশুরা বাড়ির পুকুরে পড়ে যায়।
প্রথমে শ্রাবন সরকার (৩) পানিতে পড়ে যায়, তাকে বাঁচাতে খেলার সাথী চাচাতো ভাই শুভ সরকার (৪) ও ফুফাতো বোন অহনা সরকার (৫) তারাও পানিতে ডুবে যায়। পরে দুপুর দেড়টার দিকে বিয়ে বাড়িতে আসা গ্রামের এক মহিলা শিশু অহনাকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে অহনাকে উদ্ধার করতে গিয়ে শ্রাবন ও শুভকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের নিথর দেহ একসাথে রাখা হয়েছে। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতারা। এ সময় হৃদয়বিদারক দৃশ্য দেখতে ভীড় করেন স্থানীয় শত শত মানুষ।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন বলেন, তাদেরকে হাসাপাতালে নিয়ে আসার পুর্বেই মৃত্যু হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থলে পরিদর্শন করে লাশের সুরতহাল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুদের মরদেহ নবীগঞ্জ হাসপাতালে রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।
(সুরমামেইল/এমএএ)
Design and developed by ওয়েব হোম বিডি