সিলেট ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্থল ও নগরের রাস্তাঘাট সকাল থেকেই মিছিল-স্লোগানে মুখর করে তুলেছেন বিএনপির নেতা-কর্মীরা। পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট ও পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন তারা।
নগরীর চৌহাট্টা এলাকায় আলিয়া মাদরাসার মাঠে শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টা ১০ মিনিটে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশস্থলে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে গণসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। রাখা হচ্ছে সতর্ক নজর। পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমও (সিআরটি) মাঠে নেমেছে। সঙ্গে আছে বিজিবিও।
শনিবার সরেজমিনে দেখা যায়, সমাবেশের জন্য নির্মিত ২১০০ বর্গফুটের মঞ্চে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অপেক্ষার প্রহর গুনছেন মাঠে ও আশপাশে থাকা নেতা-কর্মীরা। গণসমাবেশের জন্য ৭০ ফুট দৈর্ঘ্যের ও ৩০ ফুট প্রস্থের সভামঞ্চের পাশাপাশি লাগানো হয়েছে ১২৫টি মাইক। সমাবেশের মাঠ ছাড়াও সিলেট নগরজুড়ে সড়কের দুই পাশে লাগানো হয়েছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন। নগরের প্রবেশপথে তৈরি করা হয়েছে তোরণ। এ ছাড়া নেতা-কর্মীদের রাত্রিযাপনের জন্য নির্মিত প্যান্ডেল ও ক্যাম্প খুলে ফেলা হয়েছে।
শনিবার ভোর থেকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশস্থলে নেতা-কর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। গতকাল সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসা মানুষ, যারা মাঠের বাইরে বিভিন্ন কমিউনিটি সেন্টার বা স্বজনদের বাড়িতে রাত কাটিয়েছেন, তাঁরা ভোর থেকেই মাঠে আসতে শুরু করেছেন।
সমাবেশকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সিলেট মহানগর পুলিশ জানায়, নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যদেরও মাঠে নামানো হয়েছে। সকাল থেকে বিপুলসংখ্যক বিজিবি সদস্যকেও নগরে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নগরের চৌহাট্টা, আম্বরখানা, জিন্দাবাজার, রিকাবীবাজার, বন্দরবাজারসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছেন। বিশেষ করে সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুলসংখ্যক সদস্যকে সতর্ক থাকতে দেখা গেছে। এর বাইরে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও কাজ করছেন।
সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, সমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি আমরা। ১৯টি চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবাইল টিমও রয়েছে।
উল্লেখ্য, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদে এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারে দাবিতে এই গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।
ইতিমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুর বিভাগে গণসমাবেশ করা হয়েছে। সামনে আরও তিনটি গণসমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এই কর্মসূচি রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি