স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির রেকর্ডের দিনে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। এই নিয়ে টানা তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠল আকাশী-নীলরা।
বাংলাদেশ সময় বুধবার সকালে হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন গঞ্জালো হিগুয়েন। একটি করে গোল করেন মেসি ও এজিকুয়েল লাভেজ্জি। এক গোল করার পাশাপাশি দুটি গোলে অ্যাসিস্ট করেন কিং লিও।
ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করে দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (৫৪) পেছনে ফেলে এই কীর্তি গড়েন মেসি (৫৫)।
শতবর্ষী কোপা টুর্নামেন্টের ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে এগিয়ে যেতে মাত্র তিন মিনিট সময় নিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের তৃতীয় মিনিটে মেসির বাড়ানো দুর্দান্ত পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাভেজ্জি।
আক্রমণ আর পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। তবে ম্যাচের ৩২তম মিনিটে মেসিকে আর আটকিয়ে রাখতে পারেনি স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন এক গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যেই আর্জেন্টিনার ফাইনালে ওঠা নিশ্চিত করে দেন হিগুয়াইন। ডি-বক্সে বল ধরে প্রথম প্রচেষ্টায় তার নেওয়া শট ঠেকিয়ে দিয়েছিলেন গুজান। ফিরতি বল জালে পাঠিয়ে দেন মার্তিনোর প্রথম পছন্দের স্ট্রাইকার।
৮৩তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে মেসির শট কর্নারের বিনিময়ে ঠেকান গুজান। তবে তিন মিনিট পরেই হিগুয়াইনকে দিয়ে গোল করিয়ে বড় জয় নিশ্চিত করেন মেসি।
ডি-বক্সে বল নিয়ে ঢুকে নিজে শট না নিয়ে আর্জেন্টিনা অধিনায়ক বল বাড়িয়েছিলেন হিগুয়াইনকে। কোনো ভুল করেননি নাপোলির এই তারকা ফরোয়ার্ড।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চিলি ও কলম্বিয়া মুখোমুখি হবে। সেই ম্যাচে জয় পাওয়া দলটির বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।