স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ টাই করে ইংল্যান্ড। ইনিংসের শেষ বলে ইংলিশদের প্রয়োজন ছিল ৭ রান। নুয়ান প্রদিপের বল লং অফ দিয়ে উড়িয়ে সীমানা ছাড়া করে দলের হার এড়িয়েছেন ইংলিশদের ১০ নম্বর ব্যাটসম্যান লিয়াম প্লানকেট। রুদ্ধশ্বাস উত্তেজনার প্রথম ওয়ানডে হয়েছে টাই।
মঙ্গলবার ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৮ উইকেটে ২৮৬ রান করে ইংল্যান্ড। ওয়ানডেতে এরচেয়ে বেশি রানে টাই আছে আর মাত্র তিনটি।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫৬ রানের মধ্যেই তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় লঙ্কানরা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক ম্যাথুজ। তার দায়ত্বশীল ব্যাটিং ও প্রসন্নর ২৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডের সামনে ২৮৭ রানের লক্ষ্য দাঁড় করায়। ম্যাথুজ সর্বোচ্চ ৭৩ রান করেন। এছাড়া চান্ডিমাল ৩৭, পারভেজ মাহরুফ করেন ৩১ রান।
ইংলিশদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস, ডেভিড উইলি ও লিয়াম প্লানকেট।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরঙ্গা লাকমলের দারুণ বোলিংয়ে জেসন রয় ৩, অ্যালেক্স হেলস ৪, জো রুট ২ ও জনি বেয়ারস্ট ৩ রান করে সাজঘরে ফিরলে দলীয় ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
সেখান থেকে দলকে টেনে নেয়ার চেষ্টা করেন অধিনায়ক এউইন মরগান। পঞ্চম উইকেটে জস বাটলারের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ৪৩ রানে মরগান সাজঘরে ফেরার কিছুক্ষণের মধ্যেই তাকে অনুসরণ করেন মঈন আলীও (৭)। তাতেই ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
তবে সপ্তম উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়ে ইংলিশদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন জস বাটলার ও ক্রিস ওকস। এই জুটি স্কোর বোর্ডে যোগ করেন ১৩৮ রান।
৯৯ বলে ৯৩ রানের ইনিংস খেলে বাটলার সাজঘরে ফিরলে জয়ের স্বপ্নটা ফিকে হতে শুরু করে ইংলিশদের। যদিও এক প্রান্তে হাল ধরে ছিলেন ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি পাওয়া ওকস ও প্লানকেট। ৯২ বল খেলে ৯৫ রান নিয়ে অপরাজিত ছিলেন ওকস। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে টাই করানো প্লানকেট অপরাজিত থাকেন ১১ বলে ২২ রান নিয়ে।
শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সুরাঙ্গা লাকমল, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও নুয়ান প্রদীপ।