সিলেট ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে বালিশিরা রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছেন। বুধবার তিনি মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। মৌলভীবাজারে প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান। সকাল সাড়ে ৮টার দিকে তার রুমে গেলে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে তার মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরো কয়েকটি প্রোগ্রামে তার অংশগ্রহণ করার কথা ছিল।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সকালে আমরা তথ্য পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করি। রাত ১০টার পর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি যেকোন এক সময় মারা যান।
তিনি আরও বলেন, যানজটের কারণে ঢাকা থেকে তার পরিবার লাশ গ্রহণ করতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। লাশ নিয়ে তিনি ঢাকায় রওনা হয়েছেন।
(সুরমামেইল/এসএন)
Design and developed by ওয়েব হোম বিডি