সিলেট ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬
নিহত সাইফুর রহমান।
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে সাইফুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিকার বাবা সেজু মিয়া পলাতক রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) মধ্যরাতে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউপির শেরপুর টোলপ্লাজায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মোঃ সাইফুর রহমান (২৫) সাদিপুর ইউপির সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাইফুর রহমানের দুরসম্পর্কে ফুফাতো ভাই ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সেজু আহমদের মেয়ের (১৯) সাথে দীর্ঘদিন থেকে প্রেম ছিল। ৪ মাস পূর্বে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যান সাইফুর। তবে তাদের এই প্রেমে মেয়ের পরিবার মেনে নিতে পারেনি। পরে দুই পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের মধ্যস্থতায় মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় সমধ্যস্থতাকারীরা দুই পরিবারের মধ্যে এ নিয়ে আর কোনো বিরোধ না করার জন্য অনুরোধ জানান।
তবে সোমবার রাত সাড়ে ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে একটি ফোনকল পেয়ে সাইফুর রহমান শেরপুর টোলপ্লাজায় যান। সেখানে স্থানীয় লুৎফুর রহমানের মালিকানাধিন আফাজ ভেরাইটিজ স্টোরে বসে গল্প করছিলেন সাইফুর।
স্থানীয়রা জানান, এসময় মেয়ের বাবা সেজু আহমদ হঠাৎ একটি ধারারো ছুরি দিয়ে সাইফুরকে উপর্যপুরি আঘাত করে মুহুর্তের মধ্যে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও সাইফুরের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুরকে মৃত বলে ঘোষণা করেন।
সাইফুরের ভগ্নীপতি সরাজ মিয়া বলেন, আমার শ্যালকের সাথে সেজু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার মাস পূর্বে সেজু মিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল সাইফুর। বিষয়টি দুই পরিবারের মধ্যে মধ্যস্থতা মাধ্যমে মেয়েকে তার পিতার নিকট ফিরিয়ে দেয়া হয়।
তিনি বলেন, বিষয়টি মীমাংসার পরও সোমবার রাতে প্রকাশ্যে শেরপুর টোলপ্লাজায় ছুরকিাঘাত করে সাইফুর রহমানকে হত্যা করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
(সুরমামেইল/এসএনআই)
Design and developed by ওয়েব হোম বিডি