সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩৭) নামের এক ইমাম খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ সময় বাসা থেকে নিহতের স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
নিহত ইমাম রুহুল আমিন গোলাপগঞ্জের ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
পুলিশের দাবি, শুক্রবার রাতের কোনও এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে প্রথমে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করে বাসার খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয়-স্বজনকে জানান, স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার সন্ধ্যার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচে লাশ পান।
জানা যায়, নিহত মাওলানা রুহুল আমীন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে নাদিয়াকে বিয়ে করেন। রুহুল আমীনের সঙ্গে তার দীর্ঘদিন ধরেই কলহ চলে আসছিল।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি