সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
মন্ত্রিপরিষদের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমীন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ড. শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর ২০১৪ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
শেখ আব্দুর রশিদ বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে কাজ করছেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান শেখ আব্দুর রশিদ। অতিরিক্ত সচিবের দায়িত্বে থেকে অবসরে যাওয়া এ কর্মকর্তা বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি তার ব্যাচে ফার্স্ট হয়েছিলেন।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি