সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার দিরাইয়ে তারাবির নামাজের সময় মসজিদে প্রতিবন্ধী এক কিশোরের সঙ্গে খুনসুটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন লোক আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (০৬ এপ্রিল) রাতে উপজেলার বদলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। গতরাতে তারাবির নামাজের শুরুতে ফারুক মিয়ার পক্ষের আব্দুল কাইয়ুম মিয়ার ভাগ্নে বুদ্ধি প্রতিবন্ধী হামিদ মিয়ার সঙ্গে সিজিল মিয়ার পক্ষের কয়েকজন কিশোর মসজিদের ভেতরে খুনসুটি করেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন মসজিদেই তর্কে জড়ায়। পরে সিজিল মিয়ার লোকজন মসজিদ থেকে বেরিয়ে আসে। নামাজের শেষ দিকে তারা এক হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের সামনেই দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে সাইফুল (২২), লিটন মিয়া (২৮), আরশ আলী (৫০) সিজিল মিয়া (৫৫), আয়মালা বিবি (৪৫), পাখি মিয়া (৫০) ও শরাফত উল্লাহকে (৪০) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
অপরদিকে আহত শাহজাহান (৪৭), আব্দুর রহমান (৩৫), নুরুল ইসলাম (৫০), সুজন মিয়া (২০), আল মামুন (১৮), গোলাপ মিয়া (৬৫), তাহির মিয়া (৬০), তালহাকে (১৭) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি