সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দেলোয়ার (ফাইল ছবি) ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত কামরুল এবং আহত আসাদ। বাঁ থেকে।
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নির্মাণ শ্রমিক।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাটের সড়কের বাজারের সন্নিকটে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন (২৫) ও কানাইঘাট পৌরসভার দারুল উলূম মাদ্রাসার পাশে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত দেলোয়ার সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের বাসিন্দা। তিনি গোটারগ্রাম পয়েন্টে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। আর নিহত নির্মাণ শ্রমিক কামরুল ইসলামের বাড়ি উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রাম কুল্লা গ্রামে। সে আজিজুর রহমান আজই এর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট সড়কের বাজার মাছুগ্রাম ব্রীজের পাশে মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির গাড়ি চাপায় আহত হন দেলোয়ার হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
নির্মাণ শ্রমিক নিহত, আহত ২
একই দিন (সোমবার) সন্ধ্যায় কানাইঘাট পৌরসভার দারুল উলূম মাদ্রাসার পাশে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন কামরুল ইসলাম। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
আহত শ্রমিকরা হলেন- পৌরসভার গোবিন্দপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আসাদ আহমদ (১৬) ও শ্রীপুর গ্রামের শফিকুল হকের পুত্র আলিম উদ্দিন (৬০)।
জানা যায়, নির্মাণাধীন ঐ ভবনের একটি কক্ষে জানালার গ্রীলের কাজ করার সময় অসাবধানতা বশত ভবনের একটি বৈদ্যুতিক লাইনের সাথে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শ্রমিক কামরুল ইসলাম, আসাদ আহমদ ও আলিম উদ্দিন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহত দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত কামরুল ইসলামের লাশ হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে।
কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ হাসপাতালে গিয়ে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছে।
(সুরমামেইল/এমআইর)
Design and developed by ওয়েব হোম বিডি