সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীতে রেফ্রিজারেটর বিস্ফোরণে পথচারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের জিতু মিয়ার পয়েন্টে ‘স্বাদ অ্যান্ড কোম্পানি’র একটি দোকানে ঘটনাটি ঘটে।
ব্যবসায়ী ও পথচারীরা জানান- জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন স্বাদ অ্যান্ড কোম্পানির একটি দোকানের বাইরে থাকা দুটি রেফ্রিজারেটর বিস্ফোরণ হয়। এতে দোকানের কর্মচারী ইমন (১৮) নামে একজন আহত হন। বাকিরা পথচারী ও সিএনজি চালক। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্ফোরণের বিকট শব্দে দোকানের সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা এবং আশপাশের আরও কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তবে কি কারণে রেফ্রিজারেটর বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি