সিলেট ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বোর্ডের প্রকাশিত ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান ও তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শূন্য পাস করা প্রতিষ্ঠান দুটি হলো- দিরাই উপজেলার আলহাজ্ব আব্দুল মতলিব হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক হাই স্কুল অ্যান্ড কলেজ।
বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এই তিনটির মধ্যে দুটি প্রতিষ্ঠানই সুনামগঞ্জ জেলার এবং একটি হবিগঞ্জ জেলার।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের দিরাই উপজেলার আলহাজ্ব আব্দুল মতলিব হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি। এছাড়া, দোয়ারাবাজার উপজেলার মিতালী পাবলিক হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাসের মুখ দেখেনি কোনো পরীক্ষার্থী।
সুনামগঞ্জের এই দুই প্রতিষ্ঠানের ভরাডুবির কারণ প্রসঙ্গে গণমাধ্যমকে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, এবার কেউ পাস করেনি এরকম তিনটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে দুটি এবং হবিগঞ্জে একটি প্রতিষ্ঠান রয়েছে। সুনামগঞ্জের কিছু এলাকা বেশ দুর্গম বা রিমোট এরিয়া। সেখানে শিক্ষার্থীরা হয়তো নিয়মিত কলেজে যাতায়াত করতে পারেনি- এটা একটা বড় কারণ হতে পারে। এছাড়া পরীক্ষা চলাকালে বা তার আগে সেখানে বন্যার একটি বড় প্রভাব ছিল।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি