সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬
মেইল ডেস্ক:
সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নূরুল আলম (৫৪) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এ নিয়ে সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।
নতুন রোগী শনাক্তের পর বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৯ জন ভর্তি আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি