সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬
মেইল ডেস্ক:
রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে এক শিশুসহ অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে বাসটি উদ্ধার করে কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে রওনা হয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। তারা সবাই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। এর মধ্যে ১৯ জন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এক শিশুসহ নয় জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি ১০ জন হলেন- রাসেল চাকমা, অন্তরা চাকমা, জুয়েল চাকমা, সবিনয় চাকমা, দয়া রানী চাকমা, সুচরিতা চাকমা, রিপন চাকম, শুভ দেবী চাকমা, বিপিন চাকমা ও শেফালিকা চাকমা। বহির্বিভাগে চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন- ভূবেন্তু চাকমা, সুয়েন্তু চাকমা, বিটনা চাকমা, খোকন চাকমা, শুভ চাকমা, জয়া চাকমা, ফরসা চাকমা প্রমুখ। এর বাইরেও গুরুতরভাবে আহত তুহিন চাকমাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়। একই ঘটনায় আহত সাত মাসের শিশু রিপ রিপ চাকমাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈকত আকবর বলেন, বাস দুর্ঘটনায় আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আট জনকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আর একজনকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল চৌধুরী বলেন, বাসটি উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি