জকিগঞ্জের যুবকদের সর্বনাশ করছে সৌদিমুখী দালালচক্র!

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫

জকিগঞ্জের যুবকদের সর্বনাশ করছে সৌদিমুখী দালালচক্র!

Manual1 Ad Code

ছবি : প্রতীকী।


জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা জকিগঞ্জসহ আশপাশের অঞ্চলে গড়ে উঠেছে এক ভয়ংকর দালালচক্র। মধ্যপ্রাচ্যে ভালো চাকরির লোভ দেখিয়ে সহজ-সরল মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। সৌদি আরবে পাঠানোর নামে জনপ্রতি সাড়ে ৪ থেকে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়া হলেও বাস্তবে অনেকে পড়ছেন চরম দুর্ভোগে। বৈধ কাগজপত্র নেই, কাজ জোটেনি, দিন কাটছে অনাহারে আর আতঙ্কে।

 

জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশিদ গ্রামের যুবক আব্দুস সামাদ সৌদিতে গিয়ে আট মাস অনাহারে ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু। তিনি বলেন, ‘মৃত্যুর এক মাস পার হলেও দালালরা এখনো লাশ দেশে পাঠায়নি।’

Manual8 Ad Code

 

নিহতের পিতা আব্দুল মতিন মেম্বার বলেন, ‘দালালরা বলছে, লিখিত দিতে হবে- আমরা কোনো অভিযোগ করবো না। তাহলেই লাশ পাঠাবে।’

 

খলাছড়া এলাকার প্রবাসী নাসির উদ্দীন জানান, ‘দালাল অবৈধ ভিসা দিয়ে সৌদিতে পাঠিয়েছে। এখন গোপনে কাজ করছি। ধরা পড়লে পুলিশ দেশে পাঠিয়ে দেবে।’

 

জকিগঞ্জ সদরের রারাই গ্রামের এক যুবক বলেন, ‘দালাল শুধু সময় নিচ্ছে, এখনো কোনো মালিক পাইনি, কাজও নেই।’

 

সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের আহমদ রাজু জানান, ‘দিনে একবেলা খেতে দেয়, ঘরে আটকে রাখে। ভিডিও না করলে খাবারও বন্ধ করে দেয়।’

 

ভুক্তভোগীরা অভিযোগ করেন, “দালালরা তাদের দিয়ে জোর করে ‘ভালো আছি, ভালো কোম্পানিতে কাজ করছি’- এমন ভিডিও করিয়ে তা দেশে পাঠায়। পরে এসব ভিডিও ব্যবহার করে নতুন শিকার খোঁজে চক্রটি।”

 

এক প্রবাসীর বলেন, ‘বিচার চাইলে দালালের পরিবার হুমকি দেয়- তোর ভাইয়ের লাশও পাবে না।’

 

Manual4 Ad Code

জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, ‘আমার ভাতিজাও সৌদিতে গিয়ে কষ্ট করছে। প্রশাসনের কঠোর নজরদারি ও জনসচেতনতা এখন জরুরি।’

 

মানবাধিকারকর্মী আনোয়ার হোসেন খান বলেন, ‘এই দালালচক্র এখন আর শুধু প্রতারণা করছে না, বরং মানবপাচার ও আধুনিক দাসত্বের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর উচিত এখনই এই চক্রকে চিহ্নিত করে কঠোর অভিযান চালানো। না হলে প্রতিদিনই নতুন পরিবার নিঃস্ব হবে, আর দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরেও ক্ষতিগ্রস্ত হবে।’

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘সৌদিতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, ‘সরকারি অনুমোদিত ট্রাভেলস এজেন্সি ছাড়া বিদেশে না যাওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।’

 

এই প্রতিবেদনের জন্য একাধিক দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন কল রিসিভ করেননি। কারও পরিবার ফোন ধরেও কথা না বলে কেটে দেন।

Manual5 Ad Code

 

এদিকে সৌদি আরবে গিয়ে বিপাকে পড়ছেন নারী কর্মীরাও। অনেকেই ভাষাগত দুর্বলতার কারণে কোনো সহায়তা চাইতেও পারছেন না। এই সুযোগে অনেকে পড়ছেন অমানবিক কাজ ও যৌন হয়রানির মুখে।

 

Manual2 Ad Code

অপরদিকে ভালো ভবিষ্যতের আশায় প্রবাসে পাড়ি জমালেও ফিরছে অনিশ্চয়তা, কখনো লাশ। জকিগঞ্জসহ সিলেট অঞ্চলে মানবপাচার ও দালালচক্র নির্মূলে এখনই কঠোর প্রশাসনিক পদক্ষেপ এবং ব্যাপক জনসচেতনতা অপরিহার্য।

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code