সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
খেলাধুলা ডেস্ক :
ওপেনিংয়ে নেমে সাইফ হাসানের ৫১ বলে ৬৯ রান। দলের বাকি ১০ মিলে ৬৮ বলে মাত্র ৫৮ রান। আর এতেই পরিষ্কার ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের ফল। সাইফ হাসান ছাড়া আর কেউই কিছু করতে না পারায় বড় ব্যবধানেই হারল বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালের টিকেট পেয়ে গেল ভারত। আগে ব্যাট করে ১৬৮ রান করে তারা। জবাবে ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় জাকের আলি অনিকের নেতৃত্বে খেলতে নামা বাংলাদেশ।
ভারতের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার। তবে এখনও আশা বেঁচে আছে বাংলাদেশের। বৃহস্পতিবার সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই ফাইনালে উঠে যাবে তারা।
রান তাড়ায় সাইফ ছাড়া বাংলাদেশের কেউই তেমন কিছু করতে পারেননি। লিটন কুমার দাসকে ছাড়া খেলতে নেমে রীতিমতো ছন্নছাড়া ব্যাটিং করেন সবাই।
অবশ্য টানা দ্বিতীয় ফিফটির দেখা পাওয়া সাইফ হাসানও ভাগ্যের ওপর সওয়ার ছিলেন। তার মোট ৪টি ক্যাচ ছেড়ে দেন ভারতের ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৬৯ রান করলেও দলকে জয়ের কাছে নিতে পারেননি এই ওপেনার।
সাইফ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা পারভেজ হোসেন ইমন। ১৯ বলে ২১ রান করেন তিনি। আর কেউ ১০ রানও করতে পারেনি।
ভারতের পক্ষে ৩ উইকেট নেন কুলদিপ যাদব। জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর শিকার ২টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতকে দেড়শ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার কারিগর অভিষেক শর্মা। টানা দ্বিতীয় ম্যাচে ঝড় তুলে মাত্র ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। রান আউট হওয়ার আগে ৬ চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি।
বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া ১ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যান মোস্তাফিজুর রহমান।
ভারতের ইনিংসে পাওয়ার প্লের শেষ ৩ ওভারে আসে ৫৫ রান। এর বাইরে বাকি সময় বেশ নিয়ন্ত্রিত বোলিংই করেছে বাংলাদেশ।
এক পর্যায়ে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ১১২ রান করে ফেলে সূর্যকুমার যাদবের দল। সেখান থেকে বাকি ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান করতে পারে তারা।
ইনিংসের শুরুতে মাত্র ৭ রানে অভিষেকের ক্যাচ ছেড়ে দেন জাকের। এরপর পাওয়ার প্লের সেই ঝড় তোলেন বাঁহাতি ওপেনার।
পাওয়ার প্লে শেষ হওয়ার পর তাদের চেপে ধরে বাংলাদেশ। যার সৌজন্যে প্রথম ৬ ওভারে ৭২ রান করে ফেলা ভারত, বাকি ১৪ ওভারে করতে পারে মাত্র ৯৬ রান।
অভিষেকের ৭৫ ছাড়া শেষ দিকে ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। শুবমান গিলের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৯ রান।
ব্যাটারদের মধ্যে আর কেউই তেমন কিছু করতে পারেননি। উদ্বোধনী জুটিতে মাত্র ৩৮ বলে ৭৭ রান যোগ করেন অভিষেক ও গিল। পরে আর কোনো জুটি গড়ে ওঠেনি।
ষষ্ঠ উইকেটে ৩৪ বলে মাত্র ৩৯ রান যোগ করতে পারেন হার্দিক ও অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৫ বলে কেবল ১০ রান করেন অক্ষর।
ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (অভিষেক ৭৫, গিল ২৯, দুবে ২, সূর্যকুমার ৫, হার্দিক ৩৮, তিলক ৫, অক্ষর ১০*; সাকিব ৪-০-২৯-১, নাসুম ৪-০-৩৪-০, মোস্তাফিজ ৪-০-৩৩-১, সাইফ উদ্দিন ৩-০-৩৭-১, রিশাদ ৩-০-২৭-২, সাইফ হাসান ২-০-৭-০)
বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭ (সাইফ হাসান ৬৯, তামিম ১, ইমন ২১, হৃদয় ৭, শামীম ০, জাকের ৪, সাইফ উদ্দিন ৪, রিশাদ ২, সাকিব ০, নাসুম ৪*, মোস্তাফিজ ৬; হার্দিক ২-০-১৪-০, বুমরাহ ৪-০-১৮-২, বরুণ ৪-০-২৯-২, কুলদিপ ৪-০-১৮-৩, অক্ষর ৪-০-৩৭-১, দুবে ১-০-১০-০, তিলক ০.৩-০-১-১)
ফল: ভারত ৪১ রানে জয়ী
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি