দ্বীনি খেদমতের স্বীকৃতি, ইমামকে রাজকীয় বিদায় দিলেন এলাকাবাসী

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

দ্বীনি খেদমতের স্বীকৃতি, ইমামকে রাজকীয় বিদায় দিলেন এলাকাবাসী

Manual4 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে টানা ৩৫ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে এক ইমামকে ফুলে ফুলে সজ্জিত গাড়িতে রাজকীয়ভাবে বিদায় জানিয়েছেন এলাকাবাসী।

 

শুক্রবার (৮ মে) জুমার নামাজের পর জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মানিকপুর পূর্ব-দক্ষিণ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেককে ফুলসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় নারী-পুরুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

৮০ বছর বয়সী মাওলানা আব্দুল মালেক উপজেলার লালো গ্রামের বাসিন্দা। দীর্ঘ ধর্মীয় জীবনে তিনি প্রথমে সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া জামে মসজিদে প্রায় সাড়ে ২০ বছর ইমামতি করেন। পরে মানিকপুর ইউনিয়নের হাজারিচক ও দুধেরচক গ্রামে স্বল্প সময় দায়িত্ব পালনের পর ১৯৯১ সালে মানিকপুর পূর্ব-দক্ষিণ জামে মসজিদে যোগ দেন। সেখানে টানা ৩৫ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন।

 

Manual1 Ad Code

তাঁর দীর্ঘ দ্বীনি খেদমতের স্বীকৃতিস্বরূপ ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত গাড়িতে করে তাঁকে লালো গ্রামে পৌঁছে দেওয়া হয়। গাড়ির পেছনে ছিল যুবকদের মোটরসাইকেল শোভাযাত্রা। বিদায় জানাতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কের দুই পাশে ভিড় করেন।

 

এর আগে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ ইমরান আহমদ।

 

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য দেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, আব্দুল বাকি খালেদ, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল কাদির ও আব্দুর নূর, সহ-সভাপতি আব্দুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. হানিফ আহমদ ও সহ-সাধারণ সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাকসুর রহমান।

 

Manual7 Ad Code

বক্তারা বলেন, “ইমাম সাহেব শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি ছিলেন এলাকার মানুষের অভিভাবকতুল্য। দীর্ঘদিন ধরে তিনি ধর্মীয় শিক্ষা ও সামাজিক দিকনির্দেশনার মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।”

Manual5 Ad Code

 

বিদায়ের আগে আবেগাপ্লুত কণ্ঠে মাওলানা আব্দুল মালেক বলেন, “জীবনের বড় একটি সময় এই মসজিদ ও গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সবসময় দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। মানুষের এত ভালোবাসা ও সম্মান পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

 

স্থানীয়দের ভাষ্য, পূর্ব-দক্ষিণ জামে মসজিদে এর আগে কোনো ইমামকে এভাবে আনুষ্ঠানিক ও সম্মানজনক বিদায় দেওয়া হয়নি। ব্যতিক্রমী এ আয়োজনের মধ্য দিয়ে ইমামের প্রতি এলাকাবাসীর অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code