সিলেট ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দিতে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেছেন স্বামী। স্ত্রীকে হত্যার পর স্বামী আলী আহমদ নিজের শরীরে নিজেই কুপানোর সময় স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া মোকাম মহল্লা গ্রামের বসত ঘরে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রোবেনা বেগম (২৮) উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে।
ঘাতক স্বামী আলী আহমদ উপজেলার বগাইয়া মোকাম মহল্লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এই দম্পতির তামিম (৮), তাওহিদ (৬) ও তাহমিদ (৪) নামের তিন ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে মানসিক রোগে আক্রান্ত আলী আহমদ। আত্মীয় স্বজনরা তাকে চিকিৎসা করাচ্ছেন। শনিবার দুপুর ২টার দিকে তার ঘরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখতে পায় দাঁড়ালো দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে দা হাতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন তাকে আটকাতে চাইলে তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে এবং সে নিজে নিজেই তার হাতে থাকা দা দিয়ে হাত ও পায়ে কুপিয়ে জখম করে।
এ সময় স্থানীয়রা আলী আহমদকে আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে হাসপাতালে পাঠায়।
নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন।
তিনি বলেন, খবর পেয়ে স্বামীকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
(সুরমামেইল/এমএনইউ)
Design and developed by ওয়েব হোম বিডি