সিলেট ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে স্বল্পমূল্যের প্লট কিংবা শুল্কমুক্ত গাড়ি আমরা গ্রহণ করবে না দলটির কোনো এমপি-মন্ত্রীরা। সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে, আমরাও সেভাবেই চলব।
তিনি বলেন, আমাদের অঙ্গীকার স্পষ্ট। আমাদের দলের যারা নির্বাচিত হবেন, তারা প্রতি বছর নিজেদের এবং পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করবেন। জনপ্রতিনিধিরা জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা, তা জানার অধিকার জনগণের রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ দেশের ১৮ কোটি মানুষের সম্পদ। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা একজন মানুষ কিংবা আজ যে শিশুটি জন্ম নিচ্ছে, সবারই এই টাকায় অংশ আছে। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এই টাকা বিদেশে পাচার করে দিয়েছে।
চাঁদাবাজি ও সন্ত্রাস প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি বন্ধ হবে। ব্যবসায়ীরা আর রাতের ঘুম হারাবে না। ফুটপাতের সাধারণ মানুষের চোখের পানি আর কেউ ফেলাতে পারবে না। এমনকি ঢাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকেও চাঁদা দিতে হয়, এই অবস্থা আর চলবে না।
তিনি বলেন, একটি গোষ্ঠী আমাদের মা-বোনদের ইজ্জত রক্ষা করতে দেয় না। তারা কীভাবে হিজাব খুলে দেওয়ার কথা বলে? তারা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি? আগে নিজের মা-বোনদের সম্মান করতে শিখুক। প্রয়োজনে আমরা জীবন দেব, তবুও মায়ের ইজ্জত কেড়ে নিতে দেওয়া হবে না। দেশের কোথাও যদি দুষ্কৃতকারীরা মাথাচাড়া দেয়, জনগণই তাদের উপযুক্ত শিক্ষা দেবে।
জামায়াতের আমীর বলেন, ১১ দলীয় জোট নির্বাচিত হলে কারো হাতে বেকার ভাতার কার্ড দিয়ে বেইজ্জতি করা হবে না। যুবক কর্মক্ষম মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে। কাজ করে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। গ্রামে গ্রামে কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলা হবে। মানুষ নিজের এলাকায় থেকে মেধা ও দক্ষতার মাধ্যমে স্বচ্ছন্দে বসবাস করতে পারবে।
জামায়াত প্রধান বলেন, নির্বাচনের আগে কেউ পীর দরবেশ মুফতি হয়ে মানুষের কাছে ভোট চায়, আসলে তারা প্রতারক। ধর্মীয় পরিচয়ে হেয়, বিমাতাসুলভ আচরণ কিংবা কাউকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দেশকে বিভক্ত করতে দেওয়া হবে না।
হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমেদ আব্দুল কাদের।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি