সিলেট ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে হওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ফরিদা আখতার বলেন, আওয়ামী লীগ সরকার প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করেছে। এসবের তদন্ত হবে।
সংস্কার ও বিচার একসঙ্গে চলবে জানিয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখি এবং অন্যান্য প্রাণীও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোয় প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম (আশ্রয় কেন্দ্র) তৈরির পরিকল্পনা নিয়েছে। এছাড়া বন্যার সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপে বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষা সহজ হবে। এছাড়া সাভারে ২০২৩ সালে নির্মিত গবাদিপশুর খাবারের কারখানা শিগগিরই চালু হবে বলেও আশ্বাস দেন তিনি।
এরআগে শনিবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট আসেন উপদেষ্টা। দুপুরে নগরীর টিলাগড়ে নবনির্মিত ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করেন তিনি। এসময় সিলেট প্রাণিসম্পদ ও মৎস্য সম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি