সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দরজি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত দোকানদার ইমাম উদ্দিন পলাতক রয়েছেন।
নিহত আলিফ আহমদ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। সায়পুর এলাকায় তার একটি টেইলার্সের দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফের পাশের দোকানদার ইমাম উদ্দিন তার কাছে ৯০ টাকা পাওনা ছিলেন। এ টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় আলিফ টাকা দিয়ে ফেরার সময় ইমাম তাকে রড দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মঙ্গলবার রাত ৮টায় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইসকান্দার হাবিবুর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে এক দরজির মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি