সিলেট ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট-তামাবিল সড়কে ডিআই পিকআপ ও ইজিবাইকের (টমটম) সংঘর্ষে সাদিয়া আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও কয়েকজন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার (৫) উপজেলার বাওনহাওড় গ্রামের খলিলুর রহমানের শিশুকন্যা।
আহতরা হলেন- নিহত শিশুর ভাই মাহিন (৩) ও ডুলটিপাড় গ্রামের বিলাল মিয়ার ছেলে সাদ্দাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকযোগে আসামপাড়া গুচ্ছগ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ইজিবাইকটি আসামপাড়া সেতু অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডিআই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৫ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত শিশু সাদিয়া ও মাহিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদিয়া আক্তার (৫)।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ডিআই পিকআপটি আটক করে তামাবিল হাইওয়ে পুলিশ।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জিম্মায় নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
(সুরমামেইল/এসইউ)
Design and developed by ওয়েব হোম বিডি