সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তিনিসহ দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার। এরপর সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
এদিকে, ২০২২ সালের ২৯ মার্চ কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন আব্দুল কাইয়ুম চৌধুরী। এরপর দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখেন। ২০২৩ সালের ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও তিনি ফিরে পাননি আগের শারীরিক সক্ষমতা। এ অবস্থায়ও তিনি দলের হাল ছাড়েননি। দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। জুলাই-আগস্ট বিপ্লবেও তিনি সামনের সারিতে থেকে দলকে নেতৃত্ব দেন।
আব্দুল কাইয়ুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু, দলের পক্ষ থেকে এ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেককে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পেলেও দলের বিপক্ষে কোনও অবস্থান নেননি আব্দুল কাইয়ুম। উপরন্তু, সিলেটের ৬টি আসনে তাকে দলের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। জেলার ৫টি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হন।
কাইয়ুম চৌধুরীর শুভানুধ্যায়ীরা মনে করছেন, দলের প্রতি আনুগত্যের কারণেই তাকে সিসিকের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনে কাইয়ুম চৌধুরী সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘সবার সহযোগিতায় সিলেটকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই।’
বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের খুবই ঘনিষ্ঠ ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। এ ছাড়া, তিনি ঢাকার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ছিলেন ছাত্রদলের রাজনীতির সঙ্গেও সংশ্লিষ্ট।
রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি