সিদ্ধান্ত বদল: বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

সিদ্ধান্ত বদল: বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

Manual4 Ad Code

খেলা ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির অনুরোধ ও এরপর আইসিসির ইতিবাচক বিবৃতির পর, বিষয়টি একরকম প্রত্যাশিতই ছিল। অল্প সময়ের মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণাও চলে এলো। অনেক টানাপোড়েনের পর, চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত জানাল পাকিস্তান।

 

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ থেকেই বলা হয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে তাদের দল। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে না তারা।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরে সরাসরিই বলেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। অনিশ্চয়তায় কেটে যায় আট দিন, চারিদিকে চলতে থাকে অনেক আলোচনা-সমালোচনা, অবশেষে বিসিবি-আইসিসি-পিসিবির বৈঠকে সমাধানের পথ মেলে।

Manual1 Ad Code

 

এরপরই পাকিস্তান সরকারের পক্ষ থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সোমবার রাতে বিবৃতিতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় তারা।

 

“বিসিবির পক্ষ থেকে পিসিবিকে করা অনুরোধ এবং শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও (আইসিসির) অন্যান্য সদস্য দেশের একইরকম বার্তা পর্যালোচনা করেছে পাকিস্তান সরকার। এসব বার্তায় পাকিস্তান সরকারের প্রতি সাম্প্রতিক চ্যালেঞ্জের সমাধান খোঁজার অনুরোধ জানানো হয়। বহুপাক্ষিক আলোচনায় যা কিছু উঠে এসেছে, তার ভিত্তিতে এবং বন্ধুপ্রতীম দেশগুলোর অনুরোধের ভিত্তিতে, পাকিস্তান সরকার পাকিস্তান জাতীয় দলকে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ এ টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচিতে মাঠে নামার নির্দেশনা দিচ্ছে।”

 

চরম আলোচিত এই ঘটনা ও সমস্যার সূত্রপাত গত মাসে।

 

Manual6 Ad Code

২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে জানুয়ারির শুরুতে বাঁহাতি এই পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা।

 

পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে দুই দফায় চিঠি পাঠায় তারা। কিন্তু দুই পক্ষের কয়েক দফা আলোচনার পরও কোনো সমাধান মেলেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি।

 

আইসিসির এমন সিদ্ধান্ত দ্বিচারিতার সামিল বলেও কঠোর ভাষায় সমালোচনা করেছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় তারাও তীব্র সমালোচনার মুখে পড়ে। এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করে দেয় আইসিসি। তাতে অবশ্য নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি তারা।

 

ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দশক ধরে রাজনৈতিক অস্থিরতাও চলছে। এজন্য এক যুগের বেশি সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না তারা। আইসিসি ও এসিসির টুর্নামেন্টেই কেবল দেখা হয় দল দুটির।

 

দল দুটির মুখোমুখি লড়াই নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনাও থাকে অনেক। তাই ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে না গড়ালে, বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ত আইসিসি।

 

সব পরিস্থিতি বিবেচনায় নতুন করে আলোচনার পথ বেছে নেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। রোববার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসে আইসিসি। সেই সভায় উপস্থিত থাকতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও ডেকে নেওয়া হয়।

 

সেখানেই ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানান বিসিবি প্রধান। পাকিস্তান সরকারের দেওয়া বিবৃতিতেও উঠে এসেছে তা। আগামী দিনেও কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তাও দেওয়া হয়েছে।

 

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শাহবাজকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিশানায়েকেও ফোন করেছিলেন বলে বিবৃতিতে জানানো হয়েছে

 

(সুরমামেইল/এফএ)


 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code