মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহতদের লাশ দ্রুত আনা হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহতদের লাশ দ্রুত আনা হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের মৃতদেহ দ্রুত দেশে আনার কথা বলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

শনিবার (১৪ মার্চ) দুপুরে সিলেট নগরের শাহী ঈদগাহ কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে ‘শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটি’র সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন তিনি।



মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, “ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সরকার তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিমের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছে। ইতোমধ্যে একজনের লাশ দেশে আনা হয়েছে এবং বাকিদের লাশও পর্যায়ক্রমে আনা হবে। এ ছাড়া মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের লাশও সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত আনা হবে।”

 

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয় জানিয়ে আরিফুল হক বলেন, “এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেটের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান প্রধান সমস্যাগুলো সমাধানে বিভাগের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।”

 

Manual5 Ad Code

শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামালের পরিচালনায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহেদ, সহকারী মুতাওয়াল্লী বদরুজ্জামান সেলিম ও আব্দুল মইন কয়সর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির মুতাওয়াল্লী থেকে সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী নির্বাচিত হওয়ায় আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

সেখানে মন্ত্রী আরিফুল হক বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়, সেজন্য নিয়মিত বাজার মনিটরিং জোরদার করতে হবে।

Manual5 Ad Code

 

সেইসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে বাজার ব্যবস্থাপনা কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনার নির্দেশনা দেন তিনি।

 

ঈদকে ঘিরে পর্যটন নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সিলেটের পর্যটন এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সংখ্যা বাড়াতে হবে। পাশাপাশি ঈদের ছুটিতে পর্যটকদের সুবিধার্থে হোটেল মালিকদের সঙ্গে সমন্বয় করে তা খোলা রাখার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

 

পর্যটনস্পটগুলোতে সিটি করপোরেশনের উদ্যোগে মোবাইল টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখার কথাও বলেন মন্ত্রী।

 

ঈদের সময় চোরাচালান, বালু ও পাথর পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপনের কথা বলেছেন আরিফুল হক।

 

Manual8 Ad Code

সেইসঙ্গে ঈদযাত্রায় সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে কঠোর দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।

 

এ সময় সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সিলেট জেলা প্রেস ক্লাব ও সিলেট মহানগর পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code