আনন্দের বার্তা নিয়ে এলো খুশির ঈদ

প্রকাশিত: ৩:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬

আনন্দের বার্তা নিয়ে এলো খুশির ঈদ

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
ত্যাগের মহিমা ও আনন্দের আবহে আজ সিলেটসহ দেশজুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর আজ (শনিবার) উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মোবারক।

 

সিলেটসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। নতুন পোশাক পরে ঈদগাহে ছুটবেন ছোট-বড় সবাই। ঈদের দুই রাকাত নামাজ শেষে কোলাকুলির মধ্য দিয়ে ঘোষিত হবে সৌভ্রাতৃত্বের বারতা।

 

এরইমধ্যে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট শহর থেকে গ্রামে ছুটে গেছেন সাধারণ মানুষ।

Manual8 Ad Code



ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। এতে অংশগ্রহণ করবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা বিশিষ্টজনেরা।

 

এদিকে, ঈদকে সামনে রেখে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্টোপলিটন ও জেলা পুলিশ। এসএমপির মুখপাত্র ও এডিসি মঞ্জুরুল আলম জানিয়েছেন, সিলেট নগরীতে ৩৯৬টি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। শাহী ঈদগাহসহ সকল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি থাকবে। শাহী ঈদগাহ ময়দানে থাকে ৩ স্তরের নিরাপত্তা বলয়।

 

Manual2 Ad Code

সিলেট জেলা পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানিয়েছেন, জেলার ২ হাজার ৫৬২টি ঈদ জামায়াতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে। বড় বড় ঈদ জামায়াতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

 

Manual7 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শন করা হয়েছে। ঈদুল ফিতরের আগের রাতে সরকারি ভবনসমূহসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।

 

সারাদেশে বিভাগ বা জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বেসরকারি সংস্থাসমূহের প্রধানগণ জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রনয়ণ করে ঈদুল ফিতর উদযাপন করবে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহ যথাযথ গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রে বিশেষ সংখ্যা প্রকাশ করবে।

 

ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেইফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুঃস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
ঈদ উপলক্ষে আলাদা আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

Manual5 Ad Code

দেশে ও প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের সুসংবাদ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। রমজানে সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানরা সব অন্যায়, অবিচার ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন ও পারলৌকিক মুক্তির প্রয়াস পায়। ঈদের দিনে ধনী-গরিব সবাই এক কাতারে শামিল হন এবং আনন্দ ভাগাভাগি করে নেন।

 

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যময় রাষ্ট্র গঠনে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। অনেক ত্যাগ-তিতিক্ষা ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভসূচনা ঘটেছে। একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আমরা এগিয়ে চলেছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের এ অভিযাত্রায় পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা সবার মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে এ প্রত্যাশা করি।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।

 

রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য জানিয়ে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এ আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিই- এটাই হোক আমাদের অঙ্গীকার।

 

ঈদুল ফিতরের এই দিনে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’র পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, প্রশাসন, সরকারী-বেসরকারী, মানবধিকার সংগঠন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও দেশবাসীসহ ‘আমাদের সকল পাঠক বন্ধুদের জানাই ঈদ মোবারক ও অনেক অনেক শুভেচ্ছা। দিনটি আপনাদের সকলের আনন্দে কাটুক এটাই আমাদের একান্ত কামনা।- “ঈদ মোবারক”

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code