সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার মাধবপুরে আবাসিক মাদ্রাসাছাত্র আশিকুল ইসলাম জনি (১৪) হত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি ও ওই মাদ্রাসার শিক্ষক মাহবুব আলম মাহীকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকা থেকে র্যাব-৯-এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাহী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, নিহত জনি মাধবপুর উপজেলার সুলতানপুর এলাকার ‘হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নিয়া নূরানী মাদ্রাসা’য় হেফজ বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করত। মাদ্রাসার আর্থিক অনিয়ম এবং সংগৃহীত দানের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় জনির সঙ্গে প্রতিষ্ঠাতা আল-আমিন হাসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহীর বিরোধ তৈরি হয়।
এরই জেরে গত বছরের ২২ এপ্রিল গভীর রাতে ঘুমন্ত জনির ওপর হামলা চালিয়ে তাকে ব্যাপক মারধর করা হয় এবং বিষ খাইয়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরদিন সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হলে তারা জনিকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে মাধবপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-৪৩) দায়ের করেন। ওই মামলায় শিক্ষকমণ্ডলীকে আসামি করা হয়, যার মধ্যে মাহী এজাহারনামীয় ২ নম্বর আসামি।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার পর থেকে মাহী আত্মগোপনে ছিলেন। র্যাবের ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(সুরমামেইল/এমএকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি