সিলেট ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
সিলেট:
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আহত সাংবাদিকদের হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসার টিকিট না দেওয়ার অভিযোগও অত্যন্ত উদ্বেগজনক। পরে তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের (এমজাস) আহ্বায়ক মাসুদ আহমেদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম।
এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। চিকিৎসকের মতো মহান পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে মানবিক আচরণ ও পেশাগত দায়িত্বশীলতা প্রত্যাশিত। অথচ সাংবাদিকদের ওপর হামলা এবং আহত অবস্থায় তাঁদের চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার, চিকিৎসাসেবা নিয়ে হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো পেশাগত পরিচয়ই আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে ভয়ভীতি প্রদর্শনের অধিকার দেয় না।
এমজাসের নেতৃবৃন্দ সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত সাংবাদিকদের চিকিৎসা না দেওয়ার অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তাঁরা হাসপাতালের চিকিৎসাসেবার মান, রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)
Design and developed by ওয়েব হোম বিডি