সিলেট ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, রাস্তায় হকার বসার কোন সুযোগ নেই। রাস্তা দখল করে ব্যবসা করার আইন কোথাও নেই।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হকারদের পুণবার্সনের জন্য নগরীর লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।
এরআগেও হকারদের পুণর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ক এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এই জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, এই জায়গা না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোন সুযোগ নেই। এখানে না আসলেও রাস্তা ছাড়তে হবে।
তিনি বলেন, আজকে আমরা দেখতে এসেছি এই কাজ কতদূর এগোলো। আমরা ধারণা, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে। কাজ পুরোপুরি শেষ হলে একটা দিন নির্ধারণ করে এই সময়ের মধ্যে সড়ক ছেড়ে চলে যেতে বলবো। এরপর না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হকারদের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে আধা ঘন্টা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এটা এই নগরের একটা বড় সমস্যা। সুতরাং কোনভাবেই আমরা সড়কে হকার এলাউ করবো না।
হকারদের বিভিন্ন দাবি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এখানে আন্দোলন করার, দাবি জানানোর কোন সুযোগ নেই। এখানে যে তারা জায়গা পাচ্ছে সেটা তাদের জন্য বোনাস। এখানে তারা ব্যবসা করবে বিনা পয়সায়, কোন জামানত ছাড়া। তাই এখানে বিল্ডিং করে দিতে হবে, এটা-ওটা করে দিবে- হকারদের এরকম কোন দাবি জানানোর সুযোগ নেই।
তিনি বলেন, তারপরও তারা যাতে বেকার না হয়ে যায় তাই আমরা এ বিকল্প ব্যবস্থা করছি। আমরা চেষ্টা করতেছি এখানে যাতে মানুষজন আসে, ক্রেতারা আসা সেই ব্যবস্থা করে দিতে, তাই এখানে একটা রাস্তার জায়গায় তিনটা আস্তা করে দিচ্ছি।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি