সিলেট ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত পাথর ক্রাশার মেশিন বা ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে টাস্কফোর্স।
বুধবার (১৮ জুন) উপজেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।

বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। এ সময় অন্তত ৬৭টি যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
অভিযানে সহায়তা করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মামুনুর রশিদ, পিডিবির প্রকৌশলী সজল চাকলাদার, বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. বিপ্লব হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন বলেন, অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।
এরআগে মঙ্গলবার (১৭ জুন) সিলেট সদর উপজেলার ধোপাগুলে ৩৩টি ক্রাশার মেশিনের বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন ও জব্দ করা হয়। এর আগের দিন সোমবার একই এলাকায় ৩০টি ও জৈন্তাপুর এলাকায় ৫টি অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করে টাস্কফোর্স।
গত শনিবার (১৪ জুন) জাফলং এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে উপদেষ্টারা পাথর উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

(সুরমামেইল/এমএ)
Design and developed by ওয়েব হোম বিডি