সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬
মেইল ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রিসেপশনে (নৈশভোজে) অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ওই রিসেপশনে অংশগ্রহণের একটি ছবি নিয়ে অপপ্রচার শুরু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের ওই ছবি পাঠিয়েছে হোয়াইট হাউস। পরে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। প্রকাশিত ওই ছবিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।
এআই-জেনারেটেড ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। এতে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করা হচ্ছে এবং ওই এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী মিডিয়া প্ল্যাটফর্ম পামফ্লেটিডটনেট ২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথিত ছবিটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ছবিটি যাচাই করে সেটিকে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড ছবি হিসেবে প্রমাণ করেছে।
অর্থাৎ, যে ছবিটিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সেই ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি