সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সিলেট নগরীর সুরমা নদী থেকে এক নারী ও তার ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মা ও মেয়ে।
তারা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তাদের ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস।
জীবনানন্দ বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে মা ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের মরদেহ উদ্ধারের খবর পান তিনি।
জীবনানন্দ আরও জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাদের মেয়ে জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির তিন মাস বয়সে রোগটি শনাক্ত হয়। এরপর থেকে মেয়ের অসুস্থতা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন তার স্ত্রী। শিশুটিকে সারাজীবন রক্ত দিতে হবে এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন হবে, এমন চিন্তা থেকে তিনি হতাশায় ভুগছিলেন।
জীবনানন্দ আরও জানান, স্ত্রীর চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। ওষুধ সেবনের পরও তার অবস্থার তেমন উন্নতি হয়নি। স্ত্রীর সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলেও জানান তিনি।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী জানান, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মরদেহ মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
(সুরমামেইল/এমকেআই)
Design and developed by ওয়েব হোম বিডি