সিলেট ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং সেগুলোর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো ধরনের সুবিধা নিতে না পারে।
এছাড়া পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের পাশাপাশি ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
(সুরমামেইল/এমআই)
Design and developed by ওয়েব হোম বিডি