সিলেট ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬
মেইল ডেস্ক:
সারা দেশে দুই দিন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের এই সংগঠনটি জানিয়েছে, কোম্পানিগুলোর খেয়ালখুশিমতো দাম বাড়ানো, পুলিশি হয়রানি ও অযৌক্তিক জরিমানার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করবেন।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. সেলিম খান এই ঘোষণা দেন।
আগামী বৃহস্পতি ও শুক্রবার ধর্মঘট চলাকালে সারা দেশের সব এলপিজি গ্যাস বিক্রির দোকান বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়। কিন্তু এর কয়েক দিনের মধ্যেই বেশ কয়েকটি কোম্পানি নিজেদের ইচ্ছামতো দাম বাড়িয়ে দেয়।
সেলিম খান অভিযোগ করেন, সিলিন্ডার পরিবহনের গাড়িতে নিরাপত্তাবেষ্টনী থাকা বাধ্যতামূলক। এরপরও পুলিশ প্রায়ই এই কারণে ব্যবসায়ীদের নামে মামলা দেয় ও হয়রানি করে। সরকারি সংস্থাগুলোর কাছে বারবার আবেদন করেও এর কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জরিমানার সমালোচনা করেন তিনি।
উদাহরণ হিসেবে তিনি জানান, খুলনা-বাগেরহাটে মাত্র ৪০টি অতিরিক্ত সিলিন্ডার মজুত রাখার অভিযোগে এক পরিবেশককে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। তার মালপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
এলসি জটিলতায় সরবরাহ সংকটের কথাও তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তারা জানান, বর্তমানে মাত্র কয়েকটি কোম্পানি চালু আছে। অথচ লাখ লাখ খালি সিলিন্ডার পড়ে আছে। এ ব্যাপারে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি