সিলেট ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যা করার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২য় আদালত) বিচারক মো. আনোয়ারুল হক চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী নিজের সাড়ে তিন বছরের ঘুমন্ত মেয়ে রুনা বেগমকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেন। পরবর্তীতে ঘটনাটি প্রতিবেশী সালেক মিয়ার ওপর চাপিয়ে তাকে ফাঁসানোর অপচেষ্টা চালান তিনি।
এ ঘটনায় নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে হত্যাকাণ্ডে বাবার সরাসরি সম্পৃক্ততা বেরিয়ে আসে। পুলিশ শরীফ আলীকে আটক করার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
দীর্ঘ ১২ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিকে কড়া নিরাপত্তায় জেলহাজতে পাঠানো হয়।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) তোফায়েল আহমদ প্রতিক্রিয়ায় জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের জন্মদাতা বাবাই নিষ্পাপ মেয়েকে খুন করেছিলেন। এই মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধ করে পার পাওয়া যায় না- তা আরও একবার প্রমাণিত হলো।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি