সিলেট ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বাহুবল উপজেলায় জমি ও রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শেলু মিয়া (৫০) আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে সন্ধ্যায় ডুবাঐ বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন পুনরায় মুখোমুখি হলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় শেলু মিয়া গুরুতর আহত হন। তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) ইকতার মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি