সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আমাদের ও ভারতের সমস্যা এবং সম্ভাবনাগুলো একই। এজন্য আমাদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পৃক্ততার মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের জ্ঞান-বিজ্ঞান চর্চায় একসঙ্গে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
শনিবার (০৬ এপ্রিল) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ২৩টি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও উপাচার্যদের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলন শুরু হয়। ভারত ও বাংলাদেশের উপাচার্যদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলন উভয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেন ডা. দিপু মনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজনৈতিক সীমানার দিক থেকে ভারত ও বাংলাদেশ আলাদা হলেও ভাষা, সংস্কৃতি, ইতিহাস, জ্ঞানচর্চাসহ বিভিন্ন দিক থেকে আমরা আলাদা নই। আমাদের সঙ্গে তাদের হয়তো রাজনৈতিক সীমানা থাকতে পারে। কিন্তু এসব দিক থেকে আমাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। আর এ ধরনের আয়াজনে দুই দেশের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন হবে।
তিনি এ সম্মেলনকে বুদ্ধিজীবীদের মিলনমেলা উল্লেখ করে আরও বলেন, আজ এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে জ্ঞান-বিজ্ঞানের শাখা-প্রশাখা যারা পরিচালনা করেন তারা সমবেত হয়েছেন। এ ধরনের আয়োজনের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে জ্ঞান-বিজ্ঞান চর্চার দ্বার উন্মোচন হবে।
শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সামাজিক ব্যাধি তথা মাদক, দুর্নীতি, সন্ত্রাসবাদ দূর করতে হবে। আর এগুলো দূর করে আমাদের শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি ও বজায় রাখতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শুধু ডিগ্রিধারী নয় বরং আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়্যারমান অধ্যাপক আব্দুল মান্নান, আসামের গোহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মৃদুল হাজারিকা, সম্মেলনের ভারতীয় সমন্বয়ক ও মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেছ ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়া সম্মেলনে সংসদ সদস্য সৈয়দা রুবিনা মিরা, বাংলাদেশ ও ভারতের শিক্ষাবিদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
‘ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলরস’ এই শিরোনামে আয়োজিত এ সম্মেলনে ভারতের ১৫টি ও বাংলাদেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং উপাচার্যরা অংশ নিচ্ছেন। বাংলাদেশে প্রথমবারে মতো এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপাচার্যদের মিটিং, সিলেট শহর ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে সাজানো হয়েছে এ সম্মেলন। ‘কমিউনিকেশন, কনসেনসাস অ্যান্ড কো-অপারেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষা, মৌলিক গবেষণা, উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষা প্রশাসন ও ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে এ অনুষ্ঠানে।
এ সময় দিনব্যাপী এ অনুষ্ঠানে ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তাদের বিশ্ববিদ্যালয় সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি