সিলেট ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংশি প্রদেশে ১৩২ জন আরোহী নিয়ে বোয়িং-৭৩৭ মডেলের বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মীরা জানিয়েছে, বিমানে ধ্বংসাবশেষের মধ্যে জীবনের কোনো চিহ্ন নেই।
মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকেই চীনের গুয়াংশিতে বিমান বিধ্বস্তের ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারী দলের সদস্যরা। দমকলকর্মীদের পাশাপাশি কাজ করছে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সোমবার রাতভর চলে উদ্ধারকাজ। তবে, ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটা বেগ পেতে হয় কর্মীদের। রাতেই প্রাথমিক চিকিৎসার জন্য শতাধিক স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হলেও, বিমান বিধ্বস্তের স্থানে কোনো জীবনের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান দমকলকর্মীরা। তাদের ধারণা, আরোহীদের সবার মৃত্যু হয়েছে।
এদিকে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাতে দেশটির গণমাধ্যমের দাবি, বিমানটিতে কোনো বিদেশি যাত্রী ছিলেন না, সবাই চীনের নাগরিক।
এরইমধ্যে, আরোহীদের স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য একটি হটলাইন সেবাও চালু করা হয়েছে। একইসঙ্গে এয়ারলাইন্সের পক্ষ থেকেও আলাদা তদন্ত শুরু হয়েছে।
বিমানটি সোমবার স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে কুনমিং ছেড়ে যায়। বেলা ৩টা ৫ মিনিটে সেটি গুয়াংজু বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিমানটিতে ১২৩ যাত্রী ও ৯ ক্রু ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি