সিলেট ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী এই তথ্য জানিয়েছে।
বুধবার (২২ জুন) ভোরে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্তের রাজধানী শহর খোস্ত থেকে আনুমানিক ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। মাটির ৫২ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। সেখান থেকে প্রায় পাঁচশ’ কিলোমিটার দূরে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী শরাফুদ্দিন মুসলিম জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অন্তত ৯৫০ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ৬০০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পোস্টে ধ্বংসস্তুপ, ভেঙে পড়া বাড়িঘর এবং আহত মানুষদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ছবি দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরের একটি স্থানে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয়েছে।
তারা বলছে, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প টের পাওয়া গেছে বলে স্থানীয় মানুষরা জানিয়েছেন।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬.১ মাত্রার। ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি