সিলেট ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে পুলিশের সামনেই মিছিল দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নগরীর নবাব রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের সিলেট জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নবাব রোড এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নগরীর নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করার সময় পাশে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে মিছিলে মানুষের সংখ্যা বেশি হওয়ায় পুলিশকে বাধা দিতে দেখা যায়নি। পরে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আটক করেছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি