সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য প্রত্যেকেরই যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত।

 

শনিবার (২১ জুন) বিশ্ব যোগ দিবস উপলক্ষে নগরীর একটি কনভেনশন হলে ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

 

সিসিক প্রশাসক বলেন, “যোগব্যায়াম শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে। কর্মব্যস্ত জীবনে আমরা অনেকেই নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় বের করতে পারি না। কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে যোগব্যায়ামকে সহজেই দৈনন্দিন জীবনের অংশে পরিণত করা সম্ভব।”

 

তিনি আরও বলেন, “নিজের সুস্থতার জন্য আমাদের প্রত্যেকেরই কিছু সময় নিজেকে দিতে হবে। নিয়মিত যোগচর্চা ব্যক্তি, পরিবার এবং সমাজের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

 

বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে সিলেট সিটি কর্পোরেশন সবসময় উৎসাহিত করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”

 

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

 

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা মহিলা দলের সভাপতি তামান্না আক্তার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খায়রুল হোসেন, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

নানা বয়সী মানুষকে যোগব্যায়ামে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং যোগ সেশনে অংশগ্রহণ করেন।

 

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ জুনকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসচেতন জীবনধারা গড়ে তুলতে দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে আসছে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এসএস)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code