সিসিকের দুই কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি: বুলেট সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

সিসিকের দুই কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি: বুলেট সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সচিবের সিল ও স্বাক্ষর জালিয়াতি করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র প্রস্তুতের অভিযোগ উঠেছে মাসুদুর রহমান সুমন ওরফে ‘বুলেট সুমন’ নামে এক ডিজিটাল সেন্টারের পরিচালকের বিরুদ্ধে।

 

Manual2 Ad Code

এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় গত ২৮ জুলাই অভিযোগ দায়ের করেন ১৮ নম্বর ওয়ার্ডের সচিব হেলেন বেগম।

 

অভিযুক্ত মাসুদুর রহমান সুমন ওরফে ‘বুলেট সুমন’ নগরীর সেবক-৫৫ আগপাড়া এলাকার মানিক খানের ছেলে ও ‘নগর ডিজিটাল সেন্টার’-এর পরিচালক।

 

অভিযোগপত্র সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ জুলাই মো. মোর্শেদুর রহমান তুহিন নামের এক ব্যক্তির এনআইডি নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্রে ১৮ নম্বর ওয়ার্ডের সচিব হেলেন বেগম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সিলেটের নির্বাহী প্রকৌশলী ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেজামুল হক মজুমদারের সিল-স্বাক্ষর জাল করে উপজেলা নির্বাচন অফিসে প্রেরণ করা হয়।

Manual1 Ad Code

 

পরবর্তীতে জানা যায়, নগর ডিজিটাল সেন্টারের পরিচালক বুলেট সুমন দীর্ঘদিন ধরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সচিবদের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে ভুয়া এনআইডি ফরম, প্রত্যয়নপত্র ও চুক্তিপত্র তৈরি করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছিলেন।

 

ওয়ার্ড সচিব হেলেন বেগম অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তের এমন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি নিজের ও দায়িত্বশীলদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সাধারণ মানুষ ও দেশকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে এবং অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সিলেট কোতোয়ালি থানায় আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, মো. মাসুদুর রহমান সুমন এলাকায় ‘বুলেট সুমন’ নামে বেশ পরিচিত। একসময় ছোট্ট একটি দোকান ছিল তাঁর। কিন্তু ‘নগর ডিজিটাল সেন্টার’ খোলার পর থেকেই বদলাতে শুরু করে তাঁর ভাগ্য। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ ও নাগরিক প্রত্যয়নপত্র প্রস্তুত করেন তিনি। এসব অবৈধ কারবার ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে অল্প সময়েই ‘আঙুল ফুলে কলাগাছ’ বনে গেছেন তিনি।

 

সম্প্রতি সিল-স্বাক্ষর জালিয়াতির ঘটনায় নগর ডিজিটাল সেন্টারকে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সচিব আশিক নূর।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ১৮ নম্বর ওয়ার্ডের সচিব হেলেন বেগম বলেন, সম্প্রতি উপজেলা কার্যালয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসের বাইরে তৈরি দুটি ভুয়া এনআইডি কার্ড ও প্রত্যয়নপত্র জমা পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরবর্তীতে তা পর্যবেক্ষণ করে জানা যায়, সেখানে দায়িত্বরত কর্মকর্তা নেজামুল হক মজুমদার এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সচিব হেলেন বেগমের স্বাক্ষর ও সিল জাল করা হয়েছে।

 

তিনি আরও বলেন, এর আগেও ২০২৫ সালের নভেম্বরে তৎকালীন দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ প্রকৌশলী শাহাদাত আলীর সময় একইভাবে জালিয়াতির চেষ্টা করা হয়েছিল।

Manual5 Ad Code

 

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের সচিব আশিক নূর বলেন, ওয়ার্ড সচিবের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের জালিয়াতির ঘটনা পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুদুর রহমান সুমন বলেন, স্বাক্ষর জালিয়াতি করে জাতীয় পরিচয়পত্র বানানো বা প্রত্যয়নপত্র তৈরির কাজে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। কোতোয়ালি থানা থেকে ফোন পাওয়ার পর তিনি বিষয়টি সম্পর্কে জানতে পারেন।

 

Manual8 Ad Code

তাঁর প্রতিষ্ঠানে কোনো আর্থিক জরিমানা করা হয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে ওয়ার্ড সচিবের সঙ্গে কথা বলে কীভাবে সমাধান করা যায়, সেই চেষ্টা করছেন।

 

জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার এসআই ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিপলু চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code