সীমান্তের ২৩৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ড্রোন

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

সীমান্তের ২৩৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ড্রোন

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর। এর আওতায় সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

 

পাশাপাশি ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

Manual7 Ad Code

শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান ছিলেন।

 

পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

 

Manual3 Ad Code

বিজিবি সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৩৩১ দশমিক ৭ কিলোমিটার। এ এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

 

Manual4 Ad Code

শ্রীমঙ্গল সেক্টরের অধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

 

Manual6 Ad Code

সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান জানান, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ৩১টি পূজামণ্ডপসহ মোট ২৩৭টি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

 

১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোতায়েন করা বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন স্থানে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে নজরদারিও চালানো হচ্ছে।

 

দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

সেক্টর কমান্ডার বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি সবাইকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

 

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর।

 

মিডিয়া ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে গ্রেফতার করা হয়েছে মোট ৭৪ জনকে।

 

তিনি বলেন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে দিন-রাত অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

বিজিবির এসব কার্যক্রম দেশের অর্থনীতি সুরক্ষা, অপরাধ দমন এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

 

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকায় রয়েছে ১৮৩টি পূজামণ্ডপ।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code