আপিল বিভাগেও জামিন পেলেন না খালেদা, বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

আপিল বিভাগেও জামিন পেলেন না খালেদা, বিএনপির কর্মসূচি ঘোষণা

Manual8 Ad Code

মেইল ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে পর্যবেক্ষণসহ এই আদেশ দেন।

 

পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তাঁর অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।

Manual4 Ad Code

 

শুনানি শুরু হওয়ার আগে সকাল ১০টা ১০ মিনিটের দিকে আদালতের কাছে খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কিত মেডিকেল বোর্ডের প্রতিবেদন জমা দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর। এরপর শুনানি শুরু হয়।

 

প্রথমে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মেডিকেল বোর্ডের প্রতিবেদন নিয়ে কথা বলেন। পরে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বক্তব্য দেন। শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এই আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা মানবিক কারণে খালেদা জিয়ার জামিন চাইছি। খালেদা জিয়া সুস্থ মানুষ ছিলেন। কিন্তু আমরা দেখলাম, তাঁর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

 

আদালতকে জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার অবস্থা এমন যে, তিনি পঙ্গু অবস্থায় চলে গেছেন। হয়তো ছয় মাস পর তাঁর অবস্থা আরও খারাপ হবে। এ জন্য মানবিক কারণে খালেদা জিয়াকে জামিন দেওয়া হোক। বেলা ১১টার পর আদালত বিরতিতে যান। বিরতির পর আবার শুনানি গ্রহণ করেন।

 

জয়নুল আবেদীনের পর খালেদা জিয়ার অপর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন।পরে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। বেলা একটার দিকে শুনানি শেষ হয়। বেলা সোয়া একটার দিকে আদেশ দেন আপিল বিভাগ। খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আজ সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

 

গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এই সাজা বাতিল চেয়ে গত বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে গত ৩০ এপ্রিল হাইকোর্ট ওই আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেওয়া জরিমানার আদেশ স্থগিত করেন। এ ছাড়া বিচারিক আদালতে থাকা মামলার নথি তলব করেন হাইকোর্ট। গত ২০ জুন মামলার নথি হাইকোর্টে আসার পর খালেদা জিয়ার জামিন আবেদন আদালতে তুলে ধরেন তাঁর আইনজীবীরা। গত ৩১ জুলাই জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট।

 

Manual4 Ad Code

হাইকোর্টে জামিন চেয়ে বিফল হয়ে গত ১৪ নভেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এই জামিন আবেদনের শুনানিতে গত ২৮ নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানাতে মেডিকেল বোর্ড গঠন করে বোর্ডের মেডিকেল রিপোর্ট ৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন। সেদিন (৫ ডিসেম্বর) মেডিকেল প্রতিবেদন জমা না পড়ায় শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর (গতকাল) তারিখ ধার্য করেন আদালত।

 

জামিন আবেদন রায়ে বিএনপি হতাশ এবং ক্ষুব্ধ : ফখরুল

এদিকে, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেওয়া প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে দেশের রাজনীতিতে স্থায়ীভাবে সংঘাতময় পরিবেশের সৃষ্টি করা হয়েছে। তাঁরা ক্ষুব্ধ ও হতাশ বলেও জানান তিনি।

 

বৃহস্পতিবার সন্ধ্যার পরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

 

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

 

মির্জা ফখরুল জামিন আবেদন খারিজ নিয়ে বলেন, ‘এই রায়ে আমরা হতাশ এবং ক্ষুব্ধ। দেশের রাজনীতিতে স্থায়ীভাবে একটি সংঘাতময় পরিবেশের সৃষ্টি করা হলো। স্থিতিশীলতা বিনষ্ট করা হলো।’

 

Manual2 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, ‘এই আদেশে সারা বাংলাদেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ। যে প্রত্যাশা মানুষের মধ্যে ছিল, অন্তত সর্বোচ্চ বিচারব্যবস্থা, সবার শেষ আশা–ভরসার স্থল, সেখান থেকে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। মানুষের আস্থা নষ্ট হয়ে গেলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোকে দুর্বল করে ফেলার জন্য প্রথম থেকেই এক এক করে পদক্ষেপ নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে।’

 

বিচারব্যবস্থা ও প্রশাসনকে দুর্বল করে ফেলেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার সংসদকে একদলীয় করেছে, গণমাধ্যমের ওপরও জোর করছে। স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে ক্ষমতাসীনরা এতই দুর্বল হয়ে পড়েছে যে বিরোধী দলকে তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না। এ জন্য তাদের মিথ্যা মামলা দিয়ে প্রশাসনকে ব্যবহার করে জেল–জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।

 

মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ, সমাবেশ, মিছিল হবে। ঢাকা মহানগরে সব থানায় বেলা দুইটার পর বিক্ষোভ মিছিল হবে। তিনি বলেন, জনগণের সক্রিয় আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের ফল বাতিল করে নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code