সিলেট ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি :
এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমরি খালের উপর ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান উদাও হয়ে যাওয়ায় ব্রীজ নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে।
জানা যায়, ২০২২ সালের শুরুতে সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার যোগাযোগ বিচ্ছিহ্ন এলাকার হাজার হাজার মানুষের দাবীর প্রেক্ষিতে আমরি খালের উত্তর লক্ষীপ্রসাদ ও কুওরঘরি গ্রামের মধ্যখানে অবস্থিত এলজিইডি’র অর্থায়নে আমরি খালের ব্রীজের ভিত্তি প্রস্তর করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান পুরোদমে কাজ শুরু করলেও অনুমানিক ২ বছর পূর্বে ব্রীজের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নির্মাণ কাজ বন্ধ করে যন্ত্রপাতি নিয়ে সটকে পড়েন। এই সুযোগে স্থানীয় কিছু লোকজন ব্রীজের পাশে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার রড, এলসি’র পাথর লুট করে নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ব্রীজের আংশিক কাজ করে চলে যাওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী আমরি খালের উপর ব্রীজ নির্মাণ কবে সম্পন্ন হবে এ নিয়ে হতাশা দেখা দিয়েছে।

স্থানীয় লক্ষীপ্রসাদ গ্রামের বাসিন্দা চড়িপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী ও জুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিব্বির আহমদ সহ আরো অনেকে বলেন, ব্রীজের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হবে এমন আশায় ছিলেন, লক্ষীপ্রসাদ পশ্চিম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের জনসাধারণ। কিন্তু ব্রীজের কাজ ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন চলে যাওয়ায় ব্রীজের কাজ দ্রুত আবার শুরু করার জন্য বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রথম দিকে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে আমরি খালের উপর ব্রীজের কাজ এলজিইডি সিলেটের অর্থায়নে শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান যথারীতি ব্রীজের কাজ শুরু করেন এবং ২৭টি পাইলিং এর কাজ সম্পন্ন হওয়ার পর কাজের ঠিকাদার কাজ ফেলে চলে যান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আমরি খালের উপর পুণরায় ব্রীজের কাজ সম্পন্ন করতে আবারো টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী আবু হানিফা জানিয়েছেন। স্থানীয় লোকজনের যোগাযোগের দুরাবস্থা লাঘবে দ্রুত ব্রীজের কাজ শুরু করার জন্য রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, এলাকার সর্বস্তরের জনসাধারণ সরকারের কাছে দাবী জানিয়েছেন।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি