সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২১
সুরমা মেইল ডেস্ক : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শরণার্থী শিবিরে কথিত আরসা নেতা মোহাম্মদ হাসিমের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার (০২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মাহাবুবুর রহমান।
তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা দিয়েছে। রোহিঙ্গাদের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত হাশিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২নং ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে। তিনি কথিত আরসার সেকেন্ড ইন কমান্ড ছিলেন। অবশ্য প্রশাসন আরসার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই বলে দাবি করে আসছে।
আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আরসার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিল হাশিম। তিনি সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ও মাদরাসায় হামলা চালিয়ে ছয় জন হত্যার অন্যতম হুকুমদাতা। ক্যাম্পে অঘোষিত নিয়ন্ত্রণযজ্ঞ চালায় হাশিম। এমনকি যারা তার সঙ্গে চলেন তাদের ওপরও বিভিন্নভাবে নির্যাতন চালাতেন তিনি।
সূত্রটি আরও জানায়, এসব ঘটনার কারণে সাধারণ রোহিঙ্গারা ক্ষিপ্ত ছিল। হয়ত গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ক্যাম্পেও প্রশাসনের লোক আছে। তাদের প্রয়োজনে ফাঁড়ি থেকে লাশ উদ্ধারে যাবে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি